১ মাসে ২৫৯ জন নারী নির্যাতনের শিকার
Posted: 07 জুন, 2026
একতা নারী ডেস্ক :
২০২৬ সালের মে মাসে ১৪৫ জন কন্যা এবং ১১৪ জন নারী (মোট ২৫৯ জন) নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৫৯ জন কন্যা ও ১৩ জন নারীসহ মোট ৭২ জন নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া ৮ জন কন্যাসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে ৩ জন কন্যাসহ ৪ জন, ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ৩ জন কন্যা।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সম্প্রতি গণমাধ্যমে এই প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ।
প্রতিবেদনে বলা হয়, গতমাসে ২২ জন কন্যাসহ ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছে ১৭ জন কন্যাসহ ২২ জন। এরমধ্যে ১৩ জন কন্যাসহ ১৫ জন যৌন নিপীড়নের শিকার, ২ জন কন্যা উত্ত্যক্তকরণের শিকার হয়েছে, উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যা, সাইবার সহিংসতার শিকার হয়েছে ৩ জন। এছাড়াও বিভিন্ন কারণে ১২ জন কন্যা ও ৩৪ জন নারীসহ মোট ৪৬ জন হত্যার শিকার হয়েছে। ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৬ জন কন্যা ও ১৬ জন নারীসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জন কন্যাসহ ১৫ জন আত্মহত্যার শিকার হয়েছে, এরমধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে ৩ জন কন্যাসহ ৪ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন, এরমধ্যে ১ জন কন্যা। ১ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৪ জন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ জন। গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে ১ জন কন্যা। ১৬ জন কন্যাসহ ২৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ২ জনকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। ৩ জনের পাচারের ঘটনা ঘটেছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ জন কন্যাসহ ৯ জন। এছাড়াও ১ জন কন্যাসহ ৫ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।