প্রগতিশীল শক্তির সুসংহত ও সীমানাহীন অঙ্গীকার প্রয়োজন

Posted: 07 জুন, 2026

একতা প্রতিবেদক : বিশ্বে কর্তৃত্ববাদী মতাদর্শের পুনরুত্থান রুখতে গণতান্ত্রিক ও বামপন্থি শক্তির ঐতিহাসিক দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমস্ত প্রগতিশীল শক্তির একটি সুসংহত ও সীমানাহীন অঙ্গীকারের আহ্বান জানিয়েছেন সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। গত ২৪ থেকে ২৪ মে রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী ফোরামের সম্মেলনে তিনি আহ্বান জানান। কমিউনিস্ট পার্টি অব রাশিয়ান ফেডারেশনের উদ্যোগে এ সম্মেলনে ১০০টি দেশের ১৮০ জন কমিউনস্ট-বামপন্থি প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশেষভাবে বিভিন্ন কমিউনিস্ট ও প্রগতিশীল রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশ্ব শান্তি আন্দোলনের শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিস্ট পার্টি অব রাশিয়ান ফেডারেশনের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা কমরেড গেন্নাদি জুগানভসহ ভেনেজুয়েলা, কিউবা, চীনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশ থেকে কাজী সাজ্জাদ জহির চন্দনের সঙ্গে যুব সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম এ সম্মেলনে অংশ নেন। দুই দিনব্যাপী এই সম্মেলনের ৬টি অধিবেশন ভাগ করে অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে উদ্বোধনী বক্তব্যের পর বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বক্তব্য রাখেন। এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডি. রাজা, নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল, ইসরায়েলের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, শ্রীলংকার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মার্কিন সাম্রাজ্যবাদের পৃষ্টপোষকতায় সারাবিশ্বে সন্ত্রাসী তৎপরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কিউবার উপর হস্তক্ষেপে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়া, ইসরায়েলের সঙ্গে নিয়ে ইরান- প্যালেইস্টাইনে নিরীহ জনগণকে হত্যার তীব্র নিন্দাও জানান তারা। মার্কিন সাম্রাজ্যবাদ ও তার স্বার্থে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে জিইয়ে রাখার বিষয়টিও নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সামনে নিয়ে আসেন। দক্ষিণ-পূর্ব রাশিয়ার দেশগুলোর কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সাম্রাজ্যবাদের মদদে ধর্মীয় সাম্প্রদায়িকতার বিষয়গুলিও বক্তব্যে তুলে ধরা হয়। দেশে দেশে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতি সংহতি জানানো হয়। অধিবেশনের ফাঁকে ফাঁকে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে সিপিবি তার দ্বি-পাক্ষিক বৈঠক করেন। এই বৈঠকগুলোতে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সম্মেলনের প্রাথমিক অধিবেশনগুলো থেকে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ফ্যাসিবাদের ক্রমবর্ধমান বৈশ্বিক উত্থান রুখতে একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক ফ্রন্ট গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার জোরালো আহ্বান জানানো হয়েছে।