হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দাবি

Posted: 10 মে, 2026

একতা প্রতিবেদক : হাওরের ধানক্ষেত পানিতে তলিয়ে ফসলহানির ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপুরণ ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। এই দাবিতে ২ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এ. এস. এম. সবুর, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সহ-সম্পাদক নিখিল দাস এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি অধ্যাপক তরিকুল আলম, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক অজিত দাস। সমাবেশে উপস্থিত ছিলেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি বজলুর রশীদ ফিরোজ, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অর্ণব সরকার, বাংলাদেশ কৃষক ফোরামের কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন কৃষক সমিতির নির্বাহী সদস্য লাকী আক্তার। বক্তারা হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, পানি ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির কারণেই প্রতি বছর হাওরের কৃষক-বর্গাচাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অবস্থার অবসান জরুরি। বক্তারা কৃষি উপকরণ ও বীজ সরবরাহের অনিয়মের কথা তুলে ধরে বলেন, সময়মতো মানসম্মত বীজ ও সার সরবরাহ নিশ্চিত করতে হবে। যেসব এলাকায় নিম্নমানের বীজ বা বিলম্বিত সরবরাহের কারণে ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বক্তারা বলেন, কৃষকদের ঋণসংকটের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সকল ঋণ মওকুফ করতে হবে এবং নতুন করে সহজ শর্তে সুদমুক্ত বা স্বল্পসুদে ঋণ প্রদান করতে হবে, যাতে তারা আবার উৎপাদনে ফিরে আসতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে বক্তারা বলেন, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং সরকারি উদ্যোগে নিয়মিত চালসহ খাদ্য সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।