মরক্কোয় সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিখোঁজ

Posted: 10 মে, 2026

একতা বিদেশ ডেস্ক : মরক্কোতে সামরিক মহড়া চলাকালে যুক্তরাষ্ট্রের দুজন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এই তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ মার্কিন সেনারা ‘আফ্রিকান লায়ন ২০২৬’ নামের একটি বার্ষিক যৌথ মহড়ায় অংশ নিচ্ছিলেন। যুক্তরাষ্ট্র, ন্যাটো মিত্র ও আফ্রিকার দেশগুলোর সামরিক বাহিনীর মধ্যকার কার্যক্রম জোরদার করতে এই মহড়ার আয়োজন করা হয়। আফ্রিকম জানিয়েছে, মরক্কোর তান তান শহরের কাছে ‘ক্যাপ দ্রা’ প্রশিক্ষণ এলাকা থেকে তাঁরা নিখোঁজ হন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ সেনাদের খুঁজে বের করে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। যুক্তরাষ্ট্র, মরক্কো এবং অন্যান্য দেশের স্থল, আকাশ ও নৌবাহিনীকে এই অভিযানে যুক্ত করা হয়েছে। রোববার মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে আফ্রিকম বলেছে, ঘটনাটির তদন্ত চলছে। সেই সঙ্গে তল্লাশি অভিযানও অব্যাহত আছে। নিখোঁজ সেনারা ও তাঁদের পরিবারের ওপর এখন তাঁরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন এক মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানান, কর্তৃপক্ষ এ ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে দেখছেন এবং এটি কোনো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা অপহরণের ঘটনা নয় বলে মনে করছে। আফ্রিকা মহাদেশে সবচেয়ে বড় বার্ষিক যৌথ সামরিক মহড়া হলো ‘আফ্রিকান লায়ন’। মরক্কো, ঘানা, সেনেগাল ও তিউনিসিয়া সম্মিলিতভাবে এটার আয়োজন করছে।