ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ীতে মিলন মেলা
Posted: 03 মে, 2026
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে সাবেক ছাত্র ইউনিয়ন নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রামকান্তপুরের রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে সকাল ১০টায় জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে হলরুমে মিলন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক কমল কান্তি সরকারের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মাহবুব রহমানসহ আলোচনা করেন দাউদ খান, বাবলা চৌধুরী, মুরাদ হোসেন, আউয়াল আনোয়ার, নজরুল ইসলাম, সুকুমার সরকার, অপূর্ব কুমার দাস, পংকজ সুরাজ, এজাজ আহমেদ প্রমুখ।
ছাত্র ইউনিয়নের সোনালী দিনের স্মৃতিচারণ করতে গিয়ে সবাই এখনো তাদের মনমানসিকতায়, চিন্তা চেতনায় ছাত্র ইউনিয়নকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। ছাত্র ইউনিয়নের নীল পতাকা এখনো তাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। শোষণ বৈষম্য ক্ষুধা দারিদ্র্য মুক্ত সমাজের স্বপ্ন এখনো অনেকেই লালন করেন। দুপুরের খাবারের পরে বাড়ির সামনে উন্মুক্ত স্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে সবাই। জাতীয় পর্যায়ের রবীন্দ্র সংগীত শিল্পী রাজবাড়ী মেয়ে ছায়া কর্মকার, পাঠাগারের শিক্ষক আব্দুল জব্বার, পাঠাগারের ক্ষুদে শিক্ষার্থীরা গান, আবৃত্তি করে। বিজ্ঞপ্তি