কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দাবিতে বিক্ষোভ
Posted: 03 মে, 2026
রাজবাড়ী সংবাদদাতা :
রাজবাড়ীর পাংশায় কৃষি পণ্য বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধ করা, ফসলের লাভজনক দাম নিশ্চিত, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র ও শষ্য বীমা চালু করাসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে পাংশা উপজেলা কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান।
এসময় খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় করা, বোরো মৌসুমে ধান আমদানি স্থগিত করা, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ, বিএডিসিকে সচল, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানি এবং দুর্নীতি বন্ধের দাবি তুলে ধরেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে একটি স্মারকলিপি প্রদান করে কৃষক নেতারা।