সূত্রাপুরে কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ উদযাপন

Posted: 01 মার্চ, 2026

একতা প্রতিবেদক : উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষ উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সূত্রাপুর থানা কমিটি গত ২৭ ফেব্রুয়ারি রণেশ দাশগুপ্ত স্মৃতি পাঠাগারে শতবর্ষে কমিউনিস্ট পার্টি শীর্ষক পাঠচক্র ও আলোচনা সভা আয়োজন করে। সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠচক্রে মূল পাঠ উপস্থাপন করেন সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা প্রকৌশলী নিমাই গাঙ্গুলী। নেতৃবৃন্দ বলেন, কমিউনিস্ট পার্টি এই অঞ্চলে গত ১০০ বছর ধরে মানুষের মুক্তি ও জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে কমিউনিস্ট পার্টি চ্যাম্পিয়নের ভূমিকা পালন করেছে। নেতৃবৃন্দ আরো বলেন, কমিউনিস্টরা বিদ্যমান পুঁজিবাদী এবং শোষকের সমাজব্যবস্থা ভেঙে দিতে চায় এবং তারা মুক্ত মানুষের মুক্ত সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আর সেই লক্ষেই বাংলাদেশের মানুষের সকল ন্যায় সঙ্গত আন্দোলনে কমিউনিস্টরা ছিল, আছে এবং থাকবে। নেতৃবৃন্দ আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে নিরলসভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।