ঝিনাইদহে বাঁওড় আন্দোলনের নেতা নিত্য হালদারের জীবনাবসান
Posted: 01 মার্চ, 2026
ঝিনাইদহ সংবাদদাতা :
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহ জেলা কমিটির সদস্য, বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সিপিবির সদস্য নিত্য হালদার (৬০) গত ২৩ ফেব্রুয়ারি রাত ১ টায় মৃত্যুবরণ করেছেন। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের অধিবাসী কমরেড নিত্য হালদারের মৃত্যুতে সিপিবি, ক্ষেতমজুর সমিতি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন শোক-সমবেদনা জ্ঞাপন করেছে।
বলুহর বাঁওড় পাড়ে পোড়ামারি শ্মশানে প্রয়াত কমরেড নিত্য হালদারের মরদেহ সমাধিস্থ করা হয়েছে। প্রয়াতের নিজগ্রাম জয়দিয়া বাঁওড় পাড়স্থ বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাত করে শোক ও সমবেদনা জানিয়েছে সিপিবি নেতারা। এসময় উপস্থিত ছিলেন সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লব প্রমুখ। নেতারা বলেন, বাঁওড়সহ জলমহালে ইজারা বাতিল ও সামাজিক মালিকানা প্রতিষ্ঠার চলমান আন্দোলনসহ গরিব জেলে-মজুর-ভূমিহীন শ্রমিক-জনতার অধিকার আদায়ে আমৃত্যু সোচ্চার ও সক্রিয় ছিলেন কমরেড নিত্য হালদার। আমরা এক পার্টি কমরেডকে হারালাম।