শ্রমিকের অধিকার উপেক্ষা করে উন্নয়ন সম্ভব নয় : সিপিবি

Posted: 20 সেপ্টেম্বর, 2026

একতা প্রতিবেদক : শ্রমিক স্বার্থ রক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ১১ সেপ্টেম্বর নগরীতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুছাফা ভূঁইয়া। সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকবিরোধী সব ধরনের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। সমাবেশ শেষে সিনেমা প্যালেস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক-কর্মজীবী মানুষ। অথচ শ্রমিকরা তাদের শ্রমের ন্যায্য মূল্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও অন্যান্য অধিকার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও সেই অনুপাতে তাদের মজুরি বাড়ছে না। ফলে শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বক্তারা আরও বলেন, শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন টেকসই হতে পারে না। শিল্পকারখানায় শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বন্ধ কারখানা চালু, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। রাজশাহী : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমর্সূচির অংশ হিসেবে গত ১১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘শ্রমিক স্বার্থ রক্ষা দিবস’ পালিত হয়েছে। শ্রমিক নেতা হুমায়ুন রেজা জেনুর সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কমিটির সভাপতি আইয়ুব হোসেন খান কাইয়ুম, জেলা কমিটির সদস্য সেলিনা বানু। বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্য কমানো, বন্ধ কল-কারখানা পুনরায় চালু করা, শ্রমিক স্বার্থ রক্ষা ও ন্যূনতম মজুরি কার্যকর করার জোর দাবি জানান। সমাবেশে সিপিবি রাজশাহী জেলা কমিটির সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, আফতাব হোসেন কাজল, রতন ভট্টাচার্য, আবু তালেব মোল্লা উপস্থিত ছিলেন।