সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা
Posted: 17 মে, 2026
একতা প্রতিবেদক :
সিপিবি গাজীপুর জেলা কমিটির সদস্য, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র জাতীয় পরিষদ সদস্য শ্রমিক নেতা জালাল হাওলাদারসহ শ্রমিকদের ওপর পুলিশ-সন্ত্রাসীর যৌথ হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং ইউনিক ডিজাইন লি. এর শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গত ১৫ মে এক বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেন, দুই মাসের বেতন না দেওয়ায় ইউনিক ডিজাইন লিমিটেডের শ্রমিকরা বকেয়া পাওনার দাবিতে শুক্রবার কারখানার ভেতরে শান্তিপূর্ণভাবে অবস্থান করে। অবস্থানরত শ্রমিকদের উপর দফায় দফায় হামলা চালানো হয়, টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। পুলিশ-সন্ত্রাসীর এ যৌথ হামলায় অনেককেই গুরুতর জখম হয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, কারখানা কর্তৃপক্ষ গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে শ্রমিকদের পাওনা মেরে দেওয়ার পাঁয়তারা করছে। কিন্তু বেতন পরিশোধ না করে উপরন্ত বর্বরোচিত হামলা করে দমন করার পরিণতি ভালো হবে না।
অবিলম্বে শ্রমিক নেতা জালাল হাওলাদারকে মুক্তি দিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধের যৌক্তিক সমাধান না করলে শ্রমিকদের সাথে নিয়ে এহেন বর্বরোচিত ঘটনার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার দেন নেতৃবৃন্দ।
অপর এক বিবৃতিতে, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র গাজীপুর জেলার সাধারণ সম্পাদক এবং টিইউসির জাতীয় পরিষদ সদস্য শ্রমিক নেতা জালাল হাওলাদারের মুক্তি, ইউনিক ডিজাইন লি. এর শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।