আমেরিকার সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল কর
Posted: 05 এপ্রিল, 2026
একতা প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকার কর্তৃক গত ১৩ ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে সম্পাদিত দেশ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কেন্দ্রীয় কমিটির আহ্বানে ঢাকাসহ সপ্তাহজুড়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশগুলোতে বক্তরা বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে গোপনে আমেরিকার সঙ্গে তড়িগড়ি করে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। একটি অনির্বাচিত সরকার কোনোভাবেই এই বাণিজ্য চুক্তি করতে পারে না। সংসদের পাশ কাটিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চুক্তি করা হয়েছে। যে চুক্তিতে দেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয়নি। বহুজাতিক কোম্পানিগুলোর সুবিধার জন্য এই করা হয়েছে। সাবেক বাণিজ্য উপদেষ্টা বলেছেন চুক্তির আগে বিএনপি ও জামাতের সাথে আলোচনা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এ বিষয় তাদের পক্ষ থেকে কেউ কোন কথা বলছেন না। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে দেশবিরোধী এই অসম বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া : গত ১ এপ্রিল সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বানে জেলা কমিটির সভাপতি সাজিদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ মো.জামাল, জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা সহ-সাধারণ সম্পাদক আল মামুন, জেলা সম্পাদকমণ্ডীর সদস্য আহমেদ হোসেন, জেলা সদস্য মোজাম্মেল পাঠান, শেখ জাহাঙ্গীর আলম, উদীচী জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ছাত্র ইউনিয়ন নেতা মো. মাসুম প্রমুখ।
বক্তারা বলেন, যারা দেশবিরোধী এ চুক্তির সঙ্গে জড়িত তাদের কঠোর বিচার দাবি করছি। ওই সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান সব মধ্যস্থায় জড়িত। তদন্ত করে জানতে হবে কারা কারা কমিশন বাণিজ্যে জড়িত। ১৫ বছরে ১৫ শত কোটি টাকার জ্বালানি, বছরে ৪২ হাজার কোটি টাকার কৃষিপণ্য, ১৪ টি বোয়িং উড়োজাহাজ হাজার কোটি টাকার সকল কিছুই আমেরিকার কাছ থেকে কিনতে হবে। আমেরিকার অনুমতি ছাড়া সস্তায় অন্যদেশ থেকে পণ্য কেনা যাবে না। ফলে বছরে লক্ষ লক্ষ কোটি টাকা লোকসানের শিকার হবে বাংলাদেশ। সামরিক সরঞ্জাম আমেরিকা থেকে কিনতে হবে। অথচ চীনের যুদ্ধাস্ত্র সহজ পরিবহনে অনেক কম খরচে কেনা যায়। কিন্তু সামরিক ব্যয় অনেক বেড়ে যাবে। আমেরিকার কথায় উঠবস করতে হবে। জিও-পলিটিক্সে দেশকে চিরতরে আটকে দিবে। কারণ আমরা এ চুক্তি কারণে ঋণে আবদ্ধ হব। দেশের সব শিল্প তাদের নিয়ন্ত্রণে চলবে। তাই অতি দ্রুত দেশবিরোধী গোপনচুক্তি বাতিল চাই। দেশের জনগণ এ দাবিতে রাজপথে নেমে আসার আহ্বান জানাই। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ময়মনসিংহ : সিপিবি ময়মনসিংহ জেলা কমিটি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী গত ৩০ মার্চ বিকাল ৫ টায় নগরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে পালন করে। আমেরিকার সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও নগরের প্রধান সড়কে মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিল্লাত। বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও সদর উপজেলা কমিটির সভাপতি সাজেদা বেগম সাজু ও জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার। সঞ্চালনা করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও নগর কমিটির সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ জুন।
খুলনা : সিপিবি কেন্দ্রীয় কমিটির আহ্বানে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসাবে খুলনায় পিকসার প্যালেস মোড়ে সমাবেশ জেলা সভাপতি এস এ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিটির সাবেক সভাপতি ডা. মনোজ দাস, জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুতপা বেদজ্ঞ, আব্দুল হালিম, জেলা কমিটির সদস্য মিজানুর রহমান বাবু, জেলা কমিটির সদস্য মহানগর সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা কমিটির সদস্য এস এম চন্দন।
উপস্থিত ছিলেন জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর সভাপতি এইচ এম এম শাহাদাৎ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য চিত্ত রন্জন গোলদার, গাজী আফজাল হোসেন, জেলা কমিটির সদস্য সুখেন রায়, প্রশান্ত মন্ডল, প্রীতিষ মন্ডল।
সমবেশ থেকে ঘোষণা করা হয় আগামী ৬ এপ্রিল খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ৭ থেকে ১৩ এপ্রিল উপজেলা থানায় সমাবেশ, মিছিল, হাটসভা, পথসভা অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও : মার্কিন সাম্রাজ্যবাদ আমেরিকার সঙ্গে সম্পাদিত সকল জনস্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গত ৩০ মার্চ দুপুরে জেলা সিপিবির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঠাকুরগাঁও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তায় এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সিপিবির স্থানীয় নেতৃবৃন্দ মার্কিন আগ্রাসনের সমালোচনা করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় বিতর্কিত সব চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।
সমাবেশে সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সায়েম, পীরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মর্তুজা আলম, রেজওয়ানুল হক প্রমুখ। মিছিল ও সমাবেশে সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।
কিশোরগঞ্জ : অন্তর্বর্তী সরকারের দেশবিরোধী গোপন চুক্তি বাতিল ও সব ধরনের চক্রান্ত প্রতিহতসহ জাতীয় সংসদে জাতীয় সংগীতের অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জ্বালানি তেল, কৃষি উপকরণ ও নিত্যপণ্যের অবাধ সরবরাহ নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মার্চ সন্ধ্যায় জেলা সিপিবির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি আবদুর রহমান রুমি।
জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য সেলিম উদ্দিন খান, মোস্তফা কামাল নান্দু, জেলা সিপিবির সদস্য ফরিদ আহম্মেদ, মুর্শেদ খান নতুন, সদর উপজেলা কমিটির সিপিবির সভাপতি ওয়াহিদুল ইসলাম টুটুল, জেলা উদীচীর সভাপতি শিল্পী সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক কবি বাবুল রেজা প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা সিপিবির কার্যালয় থেকে লাল পতাকার একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা মিছিলে সিপিবির বিভিন্ন দাবি সম্বলিত নানা স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পাবনা : সিপিবি পাবনা জেলা কমিটির উদ্যোগে গত ৩০ মার্চ বিকালে সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি অলোক মজুমদারের সভাপতিত্বে ঈশ্বরদী বাজারের ১নং গেটের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, ঈশ্বরদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন প্রমুখ।
সমাবেশ থেকে চুক্তির মুলহোতা ও বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ডা. খলিলুর রহমানের অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়েছে।
যশোর : আমেরিকার সঙ্গে বাংলাদেশের অসম বানিজ্য চুক্তির প্রতিবাদে সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু হাসান, সহকারী সাধারণ সম্পাদক রহমান হিরু, জেলা কমিটির সদস্য মফিজুর রহমান নান্নু, আব্দুর রহিম, ক্ষেতমজুর নেতা মহিবুল্লাহ মহিব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
বগুড়া : দেশের স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও জড়িতদের শাস্তির দাবিতে সিপিবি আহুত কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ গত ৩০ মার্চ সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সোহাগ মোল্লার সঞ্চালনায় শহরের সাতমাথা, বগুড়া প্রেস ক্লাবের সম্মুখে, খান্দার বাজার, বৌ বাজার ও চেলোপাড়া শাপলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও পথসভায় বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, সাইদুর রহমান পারভেজ প্রমুখ।
রাজশাহী : গত ৩০ মার্চ রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সিপিবি জেলা কমিটি। জেলা সভাপতি জুলফিকার আহমেদ গোলাপের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক অসীম সরকার লিটনের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন হুমায়ন রেজা জেনু, জেলার সাধারণ সম্পাদক অজিত মন্ডল, সেলিনা বানু, মনিরুল, ছাত্রনেতা সাদনান শামীম নিওন প্রমুখ।
রাজবাড়ী : রাজবাড়ীতে সিপিবি জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিতে গত ৩০ এপ্রিল বিকালে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আবদুস সামাদ মিয়া। এতে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, সাবেক সাধারণ সম্পাদক বাবন চক্রবর্তী, জেলা সিপিবি নেতা মুজিবর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সভাপতি আবদুস সাত্তার মন্ডল। সমাবেশ পরিচালনা করেন সিপিবি নেতা এজাজ আহম্মেদ।