শেরপুর-ধুনটে শিপন কুমার রবিদাস

Posted: 01 ফেব্রুয়ারী, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসন থেকে কাস্তে মার্কায় নির্বাচন করছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ও সিপিবি মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস। ভোটের মাঠে তিনি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গিকার নিয়ে জনগণের ভোট ও সমর্থন প্রত্যাশা করছেন। শিপন কুমার রবিদাস একজন সংগ্রামী রাজনৈতিক কর্মী, সমাজকর্মী ও প্রগতিশীল আন্দোলনের সংগঠক। তিনি মেহনতি কৃষক, শ্রমজীবী, প্রান্তিক ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে উঠে আসা একজন প্রত্যয়ী নেতৃত্ব। ২০০৬ সালে এস.এস.সি, ২০০৮ সালে এইচ.এস.সি, ২০১৬ সালে বি.এ (অনার্স) এবং ২০১৯ সালে ইংরেজি বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও সামাজিক ন্যায়বিচারের সংগ্রামে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছেন। শিপন কুমার রবিদাসের পরিবার শুরু থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও অসাম্প্রদায়িক আদর্শে লালিত। তার মামা শহীদ বীর মুক্তিযোদ্ধা রবিলাল দাস ১৯৭১ সালের ১৪ নভেম্বর সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বরইতলীতে সম্মুখযুদ্ধে শহীদ হন। গণজাগরণ মঞ্চের আন্দোলনে বগুড়ায় স্বাধীনতাবিরোধী শক্তির নিক্ষিপ্ত স্প্রিন্টারের আঘাতে তিনি আহত হন। তিনি আদিবাসী, দলিত, হরিজন, চা-শ্রমিক, বেদে, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ ও ভূমিহীনদের ন্যায্য দাবির আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত থেকেছেন। শিপন কুমার রবিদাস করোনা মহামারি, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছেন।