যাত্রাবাড়ি ও ডেমরায়
তোফাজ্জল হোসেন মোস্তফা দিপু
Posted: 01 ফেব্রুয়ারী, 2026
যাত্রাবাড়ি ও ডেমরা নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে কাস্তে মার্কায় লড়ছেন প্রতিশ্রুতিশীল তরুণ রাজনীতিবিদ তোফাজ্জল হোসেন মোস্তফা দিপু।
১৯৭৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করা দিপু ডেমরার ডগাইর নতুন পাড়ার স্থায়ী বাসিন্দা। তার বাবা এম এ মতিন সরকার ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, মা গৃহিনী।
তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি অর্জন করা দিপু বর্তমানে আইটি ব্যবসায়ী।
তিনি ১৯৯২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ শাখায় ছাত্র ইউনিয়নের একজন কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে সংগঠনটির কলেজ সংসদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরে যুব ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদকসহ তিনি খেলাঘর, উদীচী, ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন।
তিনি রাজনৈতিক ও তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন সভা, সম্মেলন, সেমিনারে অংশ করতে রাশিয়া, জাপান, চীন, মালেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপাল, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
দিপু তার এলাকার মানুষের প্রাণের দাবি জলাবদ্ধতা নিরসন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, বিভিন্ন কল-কারখানা কর্তৃক বায়ু দূষণ প্রতিরোধ, পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি আন্ডারপাস নির্মাণ ও ডেমরা রোড থেকে গুলিস্তান ফ্লাইওভারে সরাসরি ওঠার জন্য একটি সংযোগ সড়ক নির্মাণের জন্য সচেষ্ট থাকার অঙ্গীকার করেছেন।