কদমতলী ও শ্যামপুরে
ফিরোজ আলম মামুন
Posted: 01 ফেব্রুয়ারী, 2026
৮৮’র ভয়াবহ বন্যার সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নে যুক্ত হওয়ার পর থেকে রাজনীতিকেই জীবনের ধ্রুবতারা বানানো ফিরোজ আলম মামুন কদমতলী-শ্যামপুর আসনে মানুষের বিপদ-আপদে সবসময় পাশে থেকেছেন। কিংবদন্তি কৃষক নেতা হাতেম আলী খানের নাতি ও শিক্ষক দম্পতির এ সন্তান ১৯৭৬ সালে ঢাকার ফরাশগঞ্জে জন্মান। বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাতেম আলী খান ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
৯০-র গণঅভ্যুত্থানে রাজপথে সাহসী ভূমিকা রাখা ফিরোজ আলম ১৯৯৮ সালের বন্যায় সাড়া ফেলা স্যালাইন প্রকল্প ও ২০২০ সালের প্রাণঘাতী করোনা ভাইরাসের সময় চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্য নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন।
ছাত্র ইউনিয়ন ডেমরা থানার সাবেক এ সভাপতি পরে সংগঠনের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেছেন। ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যও।
পেশায় আয়কর আইনজীবী ফিরোজ আলম মামুন বর্তমানে ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কদমতলী থানা কমিটির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্যও। তিনি এবার ঢাকা-৪ (কদমতলী-শ্যামপুর) আসনে লড়ছেন কৃষক-শ্রমজীবীর প্রাণের মার্কা কাস্তে নিয়ে।