এশিয়া কাপের ট্রফি বিতর্ক এসিসির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
Posted: 05 অক্টোবর, 2025
একতা প্রতিবেদক :
তুমুল আলোচনা-সমালোচনার এশিয়া কাপ শেষ হয়ে গেলেও শিরোপাজয়ী ভারত এখনও বুঝে পায়নি তাদের ট্রফি! কবে পাবে কিংবা আদৌ পাবে কীনা সেটা এখনও স্পষ্ট নয়। পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েছে টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
গত জুলাইয়ে ঢাকায় হয় এসিসি বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেটার ৪৮ ঘণ্টা আগেও আইসিসির তিন পূর্ণ সদস্য দেশ ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের অংশগ্রহণের নিশ্চয়তা ছিল না। এজিএমের আগের রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, শঙ্কা কেটেছে, ক্রিকেটের স্বার্থ সবাই যোগ দিতে রাজি হয়েছেন। শেষ পর্যন্ত ভালোভাবেই শেষ হয় এজিএম।
কিন্তু এশিয়া কাপের অসংখ্য বিতর্কে এসিসির কার্যকারিতা নিয়ে জাগছে প্রশ্ন। পদাধিকার বলে এসিসির বর্তমান প্রধানের দায়িত্ব পালন করছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।
ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই বরাবরই এসিসিকে খুব একটা গুরুত্ব দেয় না। নাকভি দায়িত্বে আসার পর থেকে সেই পাত্তা না দেওয়ার ব্যাপারটি বেড়েছে আরও। রাজনৈতিক টানাপোড়েনের জের ধরে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক তো অনেক বছর ধরেই বন্ধ। গত এপ্রিলে কাশ্মীরের পাহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মতো দুই বোর্ডের সম্পর্কও বিস্ফোরন্মুখ হয়ে আছে।
এরই প্রভাব দেখা গেছে এশিয়া কাপে। ফাইনালসহ তিনবার পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। এর কোনোটিতেই তারা পাকিস্তান দলের কারো সঙ্গে করমর্দন করেনি তারা। দুই দলের প্রথম ম্যাচের ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের তাৎক্ষণিক অপসারণ দাবি করে পাকিস্তান। পরপর দুইবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করে তারা। তাদের জন্যই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর।
আর ফাইনালের পর যা হয়েছে, তেমন কিছু খেলাধুলার ইতিহাসে বিরল। ৫ উইকেটে জিতে রেকর্ড নবম শিরোপা ‘ঘরে নেয়’ ভারত। কিন্তু সেই ট্রফি এখনও রয়ে গেছে নাকভির কাছে! এসিসি সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও প্রাইজমানির চেক দেওয়ার কথা তার।
ভারতীয় দলের চাওয়া ছিল, নাকভি ছাড়া অন্য কারও কাছ থেকে পুরস্কার নেবেন তারা। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের রানার্সআপের মেডেল দেওয়া হলেও চ্যাম্পিয়ন দলের ট্রফি ও ক্রিকেটারদের মেডেল শেষ পর্যন্ত দেওয়া হয়নি।
বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, ট্রফি নিয়ে চলে যান পিসিবি প্রধান নাকভি। একটি ছবিতে দেখা যায়, ট্রফি নিয়ে যাচ্ছেন এক কর্মকর্তা।
পরে ভারতীয় দলকে দেখা যায় ট্রফি ছাড়াই উদযাপন করতে। ফুটবল বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সেই বিখ্যাত উদযাপনের মতো করে কল্পিত ট্রফি হাতে উদযাপন করা, কল্পিত ট্রফি উঁচিয়ে ধরা, ফটোসেশন, সবই করেন ভারতীয় ক্রিকেটাররা।
ট্রফি সমস্যা সমাধানে ফাইনালের দুই দিন পর একটি সভা করে এসিসি। নাকভির সভাপতিত্বে এতে ভারতের প্রতিনিধি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা ও সংস্থাটির সাবেক কোষাধ্যক্ষ আশিষ শেলার। সেই সভায় কোনো সমাধান আসেনি। সেখানে এজেন্ডায় থাকলেও এসিসির সহ-সভাপতি নির্বাচন এবং অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের মতো ইমার্জিং খেলোয়াড়দের অন্যান্য ইভেন্টের সূচি চূড়ান্ত করার মতো বৈঠকে উত্থাপনই করা হয়নি।
সমাধানের একটা পথ খোলা রেখেছেন নাকভি। তিনি এক টুইটে বলেছেন, এসিসি অফিসে গিয়ে তার হাত থেকে নিতে হবে ট্রফি। এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত।
তবে ট্রফি না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া। নভেম্বরের আইসিসি সভায় তারা ব্যাপারটি জোর দিয়ে তুলে ধরবেন বলেও জানান তিনি। আপাতত সেই দিকেই তাকিয়ে এশিয়ার ক্রিকেটানুরাগীরা।