সানাই তাকাইচি হতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী
Posted: 05 অক্টোবর, 2025
একতা বিদেশ ডেস্ক :
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নতুন নেতৃত্ব নির্বাচনে সাবেক অর্থনৈতিক নিরাপত্তামন্ত্রী সানাই তাকাইচিকে বেছে নিয়েছে। এর ফলে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছালেন তিনি।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত নেতৃত্ব নির্বাচনের চূড়ান্ত পর্বে তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির পুত্র ও বর্তমান কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন।
প্রথম দফার ভোটাভুটিতে তাকাইচি ১৮৩ ভোট পেয়েছিলেন, তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রানঅফ অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে এলডিপির ২৯৫ জন সংসদ সদস্য এবং প্রায় ১০ লাখ দলীয় সদস্য ভোট দেন। রানঅফে তাকাইচি কোইজুমিকে হারিয়ে দলীয় নেতৃত্ব নিশ্চিত করেন।
রয়টার্স জানিয়েছে, সানাই তাকাইচি একজন কট্টর-সংরক্ষণশীল রাজনৈতিক নেতা। তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অর্থনৈতিক কর্মসূচি ‘আবেনোমিক্স’ এর ঘনিষ্ঠ সমর্থক এবং একইসঙ্গে বেশ কিছু বিতর্কিত নীতির প্রবক্তা। তার রাজনৈতিক অবস্থানের মধ্যে রয়েছে নিয়মিতভাবে বিতর্কিত ইয়াসুকুনি মন্দির পরিদর্শন এবং জাপানের শান্তিবাদী সংবিধান সংশোধনের সম্ভাবনা।