
একতা বিদেশ ডেস্ক :
নামিবিয়ায় অনুষ্ঠিত বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশন (উফডি) এর ২১ তম সাধারণ পরিষদের সম্মেলনে প্রথমবারের মত আঞ্চলিক কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন।
বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ও যুবদের এই সংগঠনটির প্রায় আট দশকের ইতিহাসে যুব ইউনিয়নই প্রথম কোনো বাংলাদেশি সংগঠন যারা এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কো-অর্ডিনেটর নির্বাচিত হলো।
গত ২০-২৬ মে আফ্রিকার দেশ নামিবিয়ার রাজধানীতে উন্ডহকে ৫৩টি দেশের ৭৩টি সংগঠনের মোট ১৪০ জন যুব প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণ করা অপর সংগঠনটি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সাধারণত প্রতি চার বছরে সাধারণ পরিষদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ সহ নানা আনুষঙ্গিক কারণে এবারে সম্মেলনটি ছয় বছর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৯ সালে সাইপ্রাসে ২০তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ যুব ইউনিয়ন এর সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের নেতৃত্বে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজীব ছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা উফডি’র ২১ তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
নিজ নিজ সংগঠনের পক্ষে জাহিদুল ইসলাম সজীব ও মাহির শাহরিয়ার রেজা সাধারণ পরিষদের সভায় শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন। শুভেচ্ছা বক্তব্যে নেতৃবৃন্দে দেশীয় ও আঞ্চলিক রাজনীতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়াও যুব ইউনিয়ন এর প্রস্তাবনার প্রেক্ষিতে একটি সংহতি বার্তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
উল্লেখ্য, ২১ মে নামিবিয়া বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আয়োজিত এক জমকালো আয়োজনে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি নাদাইতওয়া আনুষ্ঠানিকভাবে উফডি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সমাজতান্ত্রিক আদর্শের সোয়াপো পার্টির ৩৫ বছরের শাসনে নাদাইতওয়া হলেন প্রথম কোনো নারী প্রেসিডেন্ট।
১৯৪৭ সালে লন্ডনে তরুণদের দ্বারা উফডি গঠিত হয়েছিল সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যকে সামনে রেখে।
নামিবিয়ার ক্ষমতাসীন সোয়াপো পার্টির যুব সংগঠন সোয়াপো ইয়োথ লীগসহ দেশটির অপরাপর যুব সংগঠনের মোর্চা নামিবিয়ান ইয়োথ কাউন্সিল (এনওয়াইসি) এই সম্মেলনের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল।
উফডি’র ২১তম সম্মেলনের মধ্য দিয়ে পাঁচটি অঞ্চল থেকে ৩৫টি সংগঠনকে সাধারণ পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। প্রতিটি অঞ্চল থেকে একটি কো-অর্ডিনেটর ও দুটো সংগঠনকে ভাইস প্রেসিডেন্ট (রিজিওনাল ও হেড কোয়ার্টার) নির্বাচন করা হয়। এছাড়াও ননজিসি সদস্যদের থেকে একটি করে সংগঠনকে অডিট কমিশনের সদস্য নির্বাচন করা হয়।
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জোরদার বৈশ্বিক লড়াইয়ে জন্য বিশ্বব্যাপী তরুণদের সংগঠিত করার সংকল্প ঘোষণার মধ্য দিয়ে ২৫ মে আনুষ্ঠানিকভাবে সাধারণ পরিষদের অধিবেশন শেষ হয়। এছাড়াও ন্যাটোভুক্ত দেশগুলোর যুব সংগঠনসমূহ নিজ নিজ নিজ দেশের সরকারকে ন্যাটো সদস্যপদ ত্যাগে চাপ প্রয়োগের জন্য আন্দোলন গড়ে গোলার অঙ্গীকার করে। ফিলিস্তিনের স্বাধীনতা, কিউবা ও ভেনিজুয়েলাতে মার্কিন অবরোধ ও উত্তর কোরিয়ার উপর সামরিক বলপ্রয়োগের বিরুদ্ধে সাধারণ পরিষদে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়নের প্রতিনিধিগণ গত ২৭ মে সকালে বাংলাদেশে নিরাপদে পৌঁছান।